
নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন।
ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে বরিশালের উজিরপুর পৌর সদরের চৌরাস্তা টেম্পু স্ট্যান্ড এলাকায়। অভিযুক্ত বায়েজিদ মিঠু উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই এলাকার বাসিন্দা বায়েজিদ মিঠু প্রতিবেশী এক নারীর গোপন ভিডিও ধারণের চেষ্টা করেন। বিষয়টি ওই নারী দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক নারীর গোপন ভিডিও সংরক্ষিত থাকার সত্যতা মেলে। এ ঘটনায় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়েছে।
খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছেন। উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।