
রাজশাহীর দুর্গাপুরে বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে নিজের নাম না থাকায় প্রধান শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি কর্মীর বিরুদ্ধে। রোববার (২৯ নভেম্বর) সকালে মোটরসাইকেলে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই শিক্ষক হামলার শিকার হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন।
আহত শিক্ষকের নাম নেফাউর রহমান (৫০)। তিনি পলাশবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অভিযুক্ত সোহেল রানা স্থানীয় বিএনপির কর্মী বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষক।
আহত প্রধান শিক্ষক নেফাউর রহমানের অভিযোগ, কয়েকদিন আগে বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে স্থানীয় বাসিন্দা সোহেল রানার নাম না থাকায় তিনি ক্ষুব্ধ হন। এরপর থেকে তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন সোহেল। এরই জেরে রোববার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে তার ওপর হামলা চালানো হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে তাকে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার বলেন, প্রধান শিক্ষককে মারধরের বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।