
কারাফটকে শেষবার বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের মুখ দেখলেন কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাবন্দি শারমিন সুলতানা শর্মী (৪৪)। শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে ছেলে নিস্বর্গ হোসেন তূর্যের মরদেহ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়া হয়।
প্যারোলে মুক্তির আবেদন না করে সন্তানকে শেষবারের মতো একনজর দেখার আকুতি জানিয়েছিলেন তিনি। পরে কারা কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থায় কারাগারের ফটকেই ফ্রিজিং অ্যাম্বুলেন্সে রাখা মৃত ছেলের মুখ দেখার সুযোগ পান তিনি।
শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু জানান, দুপুর ১২টার দিকে কারাফটকে তার স্ত্রী মৃত সন্তানকে শেষবারের মতো দেখেছেন। এরপর মরদেহ নিয়ে তারা দাফনের উদ্দেশ্যে কারাগার এলাকা থেকে রওনা হন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেন, তাদের (শারমিন সুলতানা ও শাহাদাৎ হোসেন) সন্তান মারা গেছে। বাচ্চাটি প্রতিবন্ধী ছিল। মৃত সন্তানের লাশ শেষবারের মতো দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করা হয়েছে। বিধি মোতাবেক নিরাপত্তা নিশ্চিত করে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মানবিক বিবেচনায় শেষবারের মতো বাচ্চাকে দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর শারমিন সুলতানা প্যারোলে মুক্তির আবেদন না করে কেবল ছেলেকে শেষবারের মতো দেখার আবেদন করেছিলেন। ফ্রিজিং অ্যাম্বুলেন্সে মরদেহ পৌঁছানোর পর দেখার ব্যবস্থা করা হয়। দেখা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এবং শারমিন সুলতানাকে পুনরায় কারাগারের ভেতরে নেওয়া হয়।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা বলেন, এধরনের আবেদন পেলে আমরা মানবিকভাবে অতি দ্রুততার সাথে সিদ্ধান্ত নিয়ে থাকি। কিন্তু বর্ণিত ঘটনায় কেউ প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন করেননি।