
নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রল দিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ নভেম্বর) ভোরে শহরের মাদরাসা মোড়-ভবানীগঞ্জ এলাকায় ওই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়।
এতে তেমন কোনো ক্ষতি হয়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়দের দাবি, সিসিটিভি ফুটেজে দেখা গেছে- শনিবার ভোরে দুই যুবক ওই এলাকায় প্রবেশ করে। তাদের একজন পেট্রল দেয় ও অপরজন আগুন দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
অপরদিকে, সদর উপজেলার খেজুরতলা এলাকায় গত রাতে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।
এ বিষয়ে সদর উপজেলা যুবশক্তির মূখ্য সংগঠক শাহরিয়ার তামিম ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন ঘটনার দায় বর্তমান সরকার ও পুলিশকে নিতে হবে। তিনি ওই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
ওসি জানান, ওই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।