• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

ভোলায় রাতের আঁধারে বিএনপি কার্যালয়ে আগুন

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ভোলার লালমোহন উপজেলায় রাতের আঁধারে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের সামনের থাকা একটি পানের দোকান পুড়ে গেছে।

আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি। দলীয় নেতাকর্মীদের দাবি, নিষিদ্ধ ছাত্রলীগের লোকজন অগ্নিসংযোগ করতে পারে। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাদাপোল বাজারের বিএনপির কার্যালয়ে এ আগুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে আগুন কার্যালয়ের সামনের থাকা পানের দোকানে ছড়িয়ে পড়ে। আগুন বেশি ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা হয়।

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, শনিবার সকালে বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে কার্যালয়ের সামনে আগুনের ক্ষতচিহ্ন দেখতে পান। রাত আনুমানিক ১টার পর এ আগুন দেওয়া হতে পারে বলে ধারণা করছেন তিনি।

বিএনপির এ নেতা আরো জানান, বিএনপির কার্যালয়ে এ ধরনের অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত তা তদন্তের মাধ্যমে বের করা প্রয়োজন। তবে প্রাথমিক সন্দেহ, নিষিদ্ধ ছাত্রলীগের লোকজন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সহিংসতার যেসব ঘটনা ঘটেছে, সেগুলোর সঙ্গে এ ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা দরকার। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...