• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

চাঁদপুরে খাবারে বিষ মিশিয়ে পাঁচটি গরু হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চাঁদপুর সদরে গরুর খাবারে বিষ মেশানোর অভিযোগ উঠেছে। এতে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে আরও কয়েকটি। পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে খাবারে বিষ মেশানো হয়েছে বলে অভিযোগ খামারমালিকের। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া গ্রামের গাইনিগো দিঘির পাড় এলাকার গাজীবাড়িতে আকবর গাজীর গরুর খামারে এ ঘটনা ঘটে।

খামারের তত্ত্বাবধায়ক আমির গাজী জানান, প্রতিদিনের মতো আজ সকালে তিনি গরুগুলোকে খাবার দেন। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই গরুগুলোর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে খামারের মালিককে জানানো হয়। তবে মালিক ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পাঁচটি গরু মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। আরও কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়ে।

খামারের মালিক আকবর গাজী ও তাঁর ভাই কবির গাজী অভিযোগ করেন, তাঁরা চার ভাই। দীর্ঘদিন ধরে আকবর ও কবির গাজীর সঙ্গে অন্য দুই ভাইয়ের সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। এ বিরোধের জের ধরে ওই দুই ভাই গরুর খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছেন বলে তাঁদের সন্দেহ। তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। মোহাম্মদ দেওয়ান নামের এক বাসিন্দা বলেন, গরু অবলা প্রাণী। এদের সঙ্গে এ ধরনের নিষ্ঠুর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষ প্রয়োগে নাকি অন্য কোনো কারণে গরুগুলোর মৃত্যু হয়েছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে দায়ীদের আইনের আওতায় আনা প্রয়োজন।

খবর পেয়ে সদর উপজেলা ভেটেরিনারি সার্জন নূরনবী প্রামাণিক দ্রুত ঘটনাস্থলে যান। তিনি জানান, ঘটনাস্থল থেকে মৃত গরুর রক্ত ও খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর গরুগুলোর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত খামারমালিক থানায় অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...