• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লাখ টাকা ছিনতাই

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নওগাঁর মহাদেবপুরে জুয়েলারির দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৫০) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা ছয় ভরি সোনা ও নগদ সাত লাখ টাকা নিয়ে পালিয়ে যায় তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাত সাড়ে ৮টার দিকে মহাদেবপুর বাজারের দত্ত জুয়েলার্সের দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন দোকানের স্বত্বাধিকারী অলিফ চন্দ্র দত্ত। তার সঙ্গে ছিল ছয় ভরি সোনা ও নগদ সাত লাখ টাকা।

রাত ৯টার দিকে উপজেলা সদরের দুলালপাড়ায় নিজ বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা পেছন থেকে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার সঙ্গে থাকা সোনা ও টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয়রা অলিফ চন্দ্র দত্তকে উদ্ধার করে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত অলিফ চন্দ্র দত্ত দুলালপাড়া গ্রামের মৃত সুনীল চন্দ্র দত্তের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এটি শুধুই ছিনতাইয়ের ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো শত্রুতা বা কারণ রয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...