
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পাওয়ার আশঙ্কায় বিক্ষুব্ধ কৃষকেরা বিএডিসির এক সার ডিলারের গুদামের টিনের বেড়া ভেঙে ১৬৭ বস্তা সার নিয়ে গেছেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সার উদ্ধারে অভিযান চলছে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিসিআইসির অনুমোদিত ডিলার মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজে সার বিতরণের প্রস্তুতি চলছিল। বিতরণে বিলম্ব ও চাহিদার তুলনায় কৃষকের উপস্থিতি বেশি হওয়ায় সার পাওয়া নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ কৃষকেরা গুদামের বেড়া ভেঙে ১৪৩ বস্তা ইউরিয়া ও ২৪ বস্তা এমওপি সার নিয়ে যান।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিমুদ্দিন জানান, ইউনিয়নে সারের চাহিদা প্রায় চার হাজার বস্তা হলেও বরাদ্দ ছিল ১ হাজার ৩২০ বস্তা। সার না পাওয়ার আশঙ্কা থেকেই কৃষকেরা গুদাম থেকে সার নিয়ে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে ৩৩ বস্তা সার উদ্ধার করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, আগস্টে উপজেলায় ইউরিয়া সারের চাহিদা ৬৮০ মেট্রিক টন এবং সে অনুযায়ী বরাদ্দও পাওয়া গেছে। উপজেলায় সার সংকট নেই, কৃষকদের মধ্যে আতঙ্ক থেকেই এ ঘটনা ঘটেছে। এদিকে ডিলারপক্ষ ঘটনায় মামলা করার কথা জানিয়েছে। প্রশাসন বাকি সার উদ্ধারের পাশাপাশি ঘটনার কারণ খতিয়ে দেখছে।