সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যুঞ্জয় পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের কালিকাপুর গ্রামের চিত্তরঞ্জন বাছাড়ের ছেলে। পেশায় তিনি মৌসুমি ফল ক্রয়-বিক্রয়কারী।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে মৃত্যুঞ্জয় বাছাড়সহ তার এক সহযোগী বেল পাড়ার জন্য বুড়িগোয়ালিনী এলাকার একটি বাগানে যান। সকাল ১১টার দিকে গাছে ওঠার পর অসাবধানতাবশত তিনি পড়ে যান।
পাশেই কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। গাছ থেকে পড়ে যাওয়ার শব্দ পেয়ে তারা ছুটে গিয়ে মৃত্যুঞ্জয়কে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার সঙ্গে থাকা শ্রমিক শোকর আলী বলেন, সকালে আমরা দুজন বাগানে বেল পাড়তে এসেছিলাম। পরে মৃত্যুঞ্জয় একটি গাছে ওঠে এবং আমি অন্য আরেকটি গাছে উঠি। এ সময় নিচে পড়ে যাওয়ার শব্দ ও চিৎকার শুনে গাছ থেকে দ্রুত নেমে দেখতে পাই মৃত্যুঞ্জয় মাটিতে পড়ে আছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ রকম আরো সংবাদ...