
সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণে ‘সবার আগে বাংলাদেশ’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।
মঙ্গলবার (৪ আগষ্ট) রাজধানীর রামপুরার হাতিরঝিলে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে আয়োজিত ‘শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, গত নির্বাচনে হিন্দু সম্প্রদায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে যেভাবে সমর্থন দিয়েছেন, ভবিষ্যতেও সেই সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানাই। বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ। এখানে ধর্ম নিয়ে কোনো বিভেদ নেই। প্রত্যেকে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন।
প্রশাসক বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে আমরা আপনাদের মন্দির ও বাসাবাড়ির নিরাপত্তায় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। এ বাংলাদেশ সবার। এখানে কোনো বৈষম্যের স্থান নেই। প্রধানমন্ত্রী একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় পরিচ্ছন্ন ঢাকা গড়তে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মন্দির ও বাসাবাড়ির বর্জ্য নির্ধারিত স্থানে রাখবেন, যাতে সিটি করপোরেশনের কর্মীরা সেগুলো যথাযথভাবে অপসারণ করতে পারেন। পরিচ্ছন্ন নগরী গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।