
মোটরসাইকেলের সাইলেন্সার পরিবর্তন করে বিকট শব্দ সৃষ্টি করে আতঙ্ক ছড়ানোর অভিযোগে নওগাঁয় সাকলাইন মোস্তাক (রাতুল) নামে এক কিশোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের গেট এলাকায় তাকে আটক করে এ জরিমানা করা হয়।
সাকলাইন মোস্তাক বগুড়া জেলার আদমদীঘি থানার দেলুনজো গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি পরিবারের সঙ্গে নওগাঁ শহরের চকদেব জনকল্যাণ মহল্লায় ভাড়া বাসায় থাকেন।
স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে ওই কিশোর সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন সড়কে বিকট শব্দ করে চলাচল করছিলেন। এতে পথচারীদের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি হচ্ছিল। মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্থানীয় কয়েকজন মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের গেট এলাকায় মোটরসাইকেলটি আটক করে ট্রাফিক পুলিশকে খবর দেন। পরে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি জব্দ করে এবং মামলা দেয়।
নওগাঁ ট্রাফিক পুলিশের সার্জেন্ট জগদীশ চন্দ্র বলেন, মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে বিকট শব্দ করা সড়ক পরিবহন আইন অনুযায়ী অপরাধ। চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে বিকট শব্দ করার কারণে তার বিরুদ্ধে মামলা দিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, মোটরসাইকেল থেকে পরিবর্তিত সাইলেন্সরটি খুলে নেওয়া হবে এবং সেটি ফেরত দেওয়া হবে না।