
কুমিল্লার দেবিদ্বারে মদপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন আরও চারজন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত দুজনের একজন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য।
নিহতরা হলেন, ধান্নারপাড় এলাকার মো. সালাউদ্দিন (৩২) এবং উপজেলার হাপুড়খাড়া গ্রামের বাসার খান (৩১)। সালাউদ্দিন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন।
অন্যদিকে, অসুস্থ বাসার খানকেও প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে ২৫ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় অসুস্থ অন্য চারজন হলেন ধান্নারপাড় এলাকার আতিক (৩৩), শাহীন শাহ (২৮), মোহাম্মদ নাঈম (২৮) এবং এলাহাবাদ গ্রামের কাউছার। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুই যুবকের মৃত্যুর বিষয়টি শুরুতে প্রকাশ্যে আসেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সালাউদ্দিনের মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগের কথা প্রচার করা হয়। পরে অতিরিক্ত মদপানের পর তাদের অসুস্থতা ও মৃত্যুর বিষয়টি সামনে আসে।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্যসচিব মাহমুদুল হাসান তামিম বলেন, সালাউদ্দিন জেলা ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন। পরিবারের পক্ষ থেকে প্রথমে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুর কথা জানানো হয়েছিল। পরে অতিরিক্ত মদপানের বিষয়টি তারা জানতে পারেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকসংশ্লিষ্ট ঘটনা হওয়ায় সামাজিকভাবে হেয় হওয়ার আশঙ্কায় পরিবার হয়তো বিষয়টি গোপন রাখতে চেয়েছিল। মরদেহ দাফনের পর সাংবাদিকদের মাধ্যমে পুলিশ বিষয়টি জানতে পেরেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।