
পিরোজপুরের মঠবাড়িয়া সদর ইউনিয়নের মিঠাখালী আলম বাজারে বিএনপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়।
স্থানীয় সূত্র জানায়, দুর্বৃত্তরা কার্যালয়ের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও একটি এলইডি টেলিভিশন ভাঙচুর করে। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি নিয়ে যায়।
ভাঙচুরের শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙা দুটি চেয়ার, একটি এলইডি টেলিভিশন, একটি তালা এবং লাল স্কচটেপে মোড়ানো দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী বলেন, রাতে তারা ঘটনাটি জানতে পারেন। পরে প্রশাসনকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, মঠবাড়িয়ায় একটি স্থানীয় বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।