
গোপালগঞ্জের মুকসুদপুরে ধর্মান্তরিত মুসলিম হয়ে ভালোবেসে বিয়ে করে স্বামীর হাতে খুন হওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূর। স্ত্রী মিম আক্তারের (২৩) লাশ ঘরে রেখে পালিয়ে যান স্বামী তরিক সিকদার।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাবড়াশুর গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম স্ত্রী থাকা অবস্থায়, প্রায় ৩ বছর পূর্বে সনাতনধর্মী ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার শাকপাইলদিয়া গ্রামে সিদাম মাঝির মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ভাবড়াশুর গ্রামের ছরোয়ার সিকদারের ছেলে তরিক সিকদারের। পরে তাকে ধর্মান্তরিত মুসলিম করে মিম আক্তার নাম রেখে বিবাহ করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল।
রোববার সকালে দাম্পত্য কলহের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে তরিক সিকদার তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে।
মুকসুদপুর সার্কেল এসপি নাফিজুর ইসলাম বলেন, মিম আক্তার নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে মৃতের শরীরে আঘাতের চিহ্ন দেখেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।