
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে বোরকা পরে নারীর ছদ্মবেশে প্রবেশের সময় এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক দিয়ে প্রবেশের সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাছে একটি আবাসিক হোটেলের কার্ড পাওয়া যায়।
শিক্ষার্থীরা জানান, বোরকা পরে ক্যাম্পাসে প্রবেশের কারণ জানতে চাইলে ওই যুবক একেক সময় একেক ধরনের বক্তব্য দেন। প্রথমে তিনি দাবি করেন, শিক্ষার্থীরা তাকে বিরক্ত করায় বোরকা পরে এসেছেন। পরে বলেন, ভিক্টোরিয়া পার্ক এলাকায় নারীদের উত্ত্যক্তকারীদের শনাক্ত করে ধরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তিনি ছদ্মবেশ ধারণ করেছেন।
জিজ্ঞাসাবাদের সময় বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগের কথাও বলেন তিনি। তাকে পুলিশের কাছে হস্তান্তরের কথা উঠলে যাত্রাবাড়ী থানার এক ওসিকে ফোন করার অনুরোধ করেন এবং নিজেকে একজন নেতার লোক বলেও দাবি করেন। তবে এসব দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর ওই যুবকের ক্যাম্পাসে প্রবেশের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। তার কাছে থাকা আবাসিক হোটেলের কার্ড এবং বারবার পরিচয় ও উদ্দেশ্য পরিবর্তনের বিষয়গুলো তদন্তের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আজম খান বলেন, বিষয়টি তারা জেনেছেন। ওই ব্যক্তি কী উদ্দেশ্যে ক্যাম্পাসে এসেছিলেন, তা খতিয়ে দেখে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। কেউ বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ক্ষতি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।