• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
পিরোজপুরে জামায়াতের জেলা কমিটি গঠন বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ শিক্ষক-শিক্ষার্থী সন্ত্রাসীদের ফিরিয়ে আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়েই আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাড়ে ৩ বছর ধরে মৃত নারীর খাদ্যবান্ধব কর্মসূচির চাল ‘খাচ্ছেন’ ইউপি সদস্য বিএনপি ক্ষমতায় গেছে বলেই ভিসি হয়েছি, লুকানোর কিছু নেই: জবি উপাচার্য মুক্তিপণ’ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বাগেরহাটের বিএনপি নেতা হতদরিদ্র দিনমজুরের ৩ মাসের বিদ্যুৎ বিল অর্ধলাখ টাকা ​ডিবির অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান অভি গ্রেফতার নিখোঁজের চার ঘণ্টা পর আন্দোলনে নেতৃত্ব দেওয়া নার্সিং শিক্ষার্থী উদ্ধার, থানায় বিক্ষোভ মোবাইল চুরির অভিযোগে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, ছেলের আকুতিতেও মন গলেনি নির্যাতনকারীদের

বরিশালে নাশকতার নেপথ্যে কার্যক্রম নিষিদ্ধ তিন যুবলীগ নেতা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশাল নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একের পর এক মিছিল এবং মহাসড়কে অগ্নিসংযোগের ঘটনায় তিন যুবলীগ নেতার নাম উঠে এসেছে। তাদের নির্দেশেই অনুসারীরা এসব কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন বলে দাবি করেছেন একাধিক সূত্র। গোয়েন্দা পুলিশের একটি সূত্রও জানিয়েছে, নগরীতে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিগুলোর পেছনে এই তিন নেতার অনুসারীদের তৎপরতা বেশি।

সূত্রগুলোর দাবি, ভারতের পশ্চিমবঙ্গে পলাতক বরিশাল নগরীর সাবেক কাউন্সিলর, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে যুবলীগ নেতা রাজীব হোসেন খানের নির্দেশে তার অনুসারীরা ১৮ নভেম্বর গভীর রাতে গ্রামীণ ব্যাংকের বরিশাল জোনাল কার্যালয়ে অগ্নিসংযোগ করেন। পরে তারা সেখানে কিছু সময় অবস্থান করে আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দেন। এরপর রাজীবের অনুসারীরা সিএন্ডবি রোডে মিছিল করেন।

অন্যদিকে, একই রাতে সরকারি ব্রজমোহন কলেজের সামনের সড়ক ও গড়িয়ারপার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন যুবলীগ নেতা মঈন তুষারের অনুসারীরা। মঈন তুষার সরকারি ব্রজমোহন কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং কলেজটির ছাত্র কর্ম পরিষদের সাবেক ভিপি।

এ ছাড়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈয়দ শামসুদ্দোহা আবিদের নেতৃত্বে বৃহস্পতিবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়ক ও বরিশাল-খুলনা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন যুবলীগের কর্মীরা। এর আগেও এই তিন নেতার নির্দেশে বরিশাল নগরীতে একাধিক মশাল মিছিল, বিক্ষোভ মিছিল ও সড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে সূত্রগুলোর দাবি।

গোয়েন্দা পুলিশের একটি সূত্র বৈশাখী বাংলাকে জানিয়েছে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের অনুসারী হিসেবে পরিচিত মঈন তুষার, বরিশাল সিটির সাবেক মেয়র খোকন সেরনিয়াবাতের অনুসারী শামসুদ্দোহা আবিদ এবং সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর অনুসারী রাজীব হোসেন খানের নির্দেশেই নগরীতে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিগুলো বেশি হচ্ছে। বিশেষ করে গড়িয়ারপার ও সিএন্ডবি রোড এলাকায় নাশকতার ঘটনা বেশি ঘটছে। নথুল্লাবাদে একটি বাসে আগুন দেওয়ার ঘটনাতেও তাদের অনুসারীরা জড়িত বলে দাবি করেছে সূত্রটি। এসব কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ভীতির সৃষ্টি হয়েছে।

এদিকে, অভিযোগের বিষয়ে যুবলীগ নেতা রাজীব হোসেন খান বলেন, ‘দেশ সংস্কারের কাজ চলছে। জঙ্গি গোষ্ঠী দেশটিকে গ্রাস করে নিয়েছে। দেশকে মুক্ত করতে আমরা আন্দোলন-সংগ্রাম করছি। এতে জনসাধারণের সাময়িক অসুবিধা হচ্ছে, এর জন্যও আমরা দুঃখিত। আমাদের নেত্রী ডিসেম্বরে দেশে ফিরবেন। সেই লক্ষ্যে আমাদের আন্দোলন আরও জোরদার হবে।’

তিনি আরও বলেন, ‘জাহাঙ্গীর কবির নানক ভাইয়ের বাসায় আগুন দেওয়া হয়েছে। বাসাবাড়িতে আগুনের রাজনীতি বিএনপি সব সময় করেছে, এখনও করেছে। সুস্থ ধারার রাজনীতি কখনোই তারা করতে পারেনি। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসার খবরে তাদের মাথা খারাপ হয়ে গেছে।’

অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা মঈন তুষার বলেন, ‘আমরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছি না। আমরা দেশকে সঠিক নেতৃত্বের হাতে তুলে দিতে আন্দোলনে নেমেছি। আমরা সহিংস রাজনীতি চাই না। তবে ডিসেম্বরে নেত্রীর আগমন উপলক্ষে আমাদের আন্দোলন আরও কঠোর হবে। রাজাকারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে।’

এদিকে, বৃহস্পতিবার বরিশাল নগরী ও মহাসড়কগুলোতে যান চলাচল তুলনামূলক কম ছিল। বাস চলাচল করলেও যাত্রীসংখ্যা ছিল কম বলে জানিয়েছেন বাস মালিকেরা। বরিশাল থেকে ঢাকা রুটের বাসগুলো কয়েকটি স্থানে বাধার মুখে পড়ে। টেকেরহাটে দীর্ঘ সময় মহাসড়ক অবরোধ করে রাখা হয়।

অন্যদিকে, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মকাণ্ড প্রতিরোধের ঘোষণা দিয়ে বরিশালে দফায় দফায় মোটরসাইকেল মহড়া দেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। রাতভর নগরীর অলিগলি থেকে শুরু করে মহাসড়কেও তাদের মহড়া চলে।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার জিয়ার নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল হয়। নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে শুরু হওয়া মিছিলটি হাতেম আলী কলেজ চৌমাথায় গিয়ে শেষ হয়।

এ সময় জিয়াউদ্দিন বলেন, ‘শান্তিপূর্ণ দেশে অরাজকতা যারা করবে, তাদের অবস্থা হবে ভয়াবহ। পলাতক ফ্যাসিস্ট তাদের নেত্রী ভারতে বসে আদেশ দিচ্ছেন, আর সেই আদেশ এখানে বসে পালন করে জানমালের ক্ষতি করবেন, তা হবে না। আমাদের সহ্যের বাঁধ ভাঙবেন না।’

বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার জানান, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশের টহল অব্যাহত রয়েছে। কার নির্দেশে নাশকতার চেষ্টা হচ্ছে এবং কারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...