
রংপুর মেট্রোপলিটন এলাকার সরকারি বেগম রোকেয়া কলেজের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পীরগাছা উপজেলা শাখার সভাপতি ও জেলা শাখার সহ-সভাপতি মো. আল নাহিয়ান অভি (২৯)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সহায়তায় জেলা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (২০ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে অভি’কে গ্রেপ্তার করা হয়। তিনি রংপুর জেলার পীরগাছা থানার মহিষমুড়ী গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে।
গ্রেপ্তারের সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—
১টি বেগুনী ও কালো রঙের ইনফিনিক্স (Infinix) অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেট;
১৭টি লোহার রড (প্রত্যেকটির দৈর্ঘ্য আনুমানিক ৩ ফুট);
১৩টি বাঁশের লাঠি (প্রত্যেকটির দৈর্ঘ্য আনুমানিক ৩ ফুট);
২টি প্লাস্টিকের বোতলে প্রায় ১ লিটার পেট্রোল (অর্ধেক খালি অবস্থায়)।
পুলিশের অভিযোগ অনুযায়ী, গ্রেপ্তারকৃত অভি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সদস্যদের সঙ্গে মিলে জননিরাপত্তা বিঘ্নিত করা, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম গতিশীল রাখা এবং নাশকতা ও রাষ্ট্রীয় ও ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির ক্ষতির উদ্দেশ্যে গোপন বৈঠক ও ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। এ ছাড়া তিনি টেলিগ্রাম ও মেসেঞ্জারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম এবং ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অন্যদের সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করতেন বলে দাবি করেছে পুলিশ।
তবে, মো. আল নাহিয়ান অভির পরিবারের অভিযোগ অভি ‘ল’ পরীক্ষা দিতে আসলে তাকে অন্যায় ভাবে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় গ্রেফতার করে পুলিশ।