• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

বরিশালে অটোরিকশা ও থ্রি-হুইলারের ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে: বিসিসি

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২৯ জুন, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশাল নগরীতে যাত্রী পরিবহনকারী অটোরিকশা ও থ্রি-হুইলারের ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। সোমবার (২৯ জুন) নগর ভবনের সভাকক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয় ত্রিপক্ষীয় প্রতিনিধিরা। একই সঙ্গে আগামী ১ জুলাই থেকে লাইসেন্সবিহীন ও অবৈধ থ্রি-হুইলারের বিরুদ্ধে সম্মিলিত উচ্ছেদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। সমন্বয় সভায় প্রশাসনিক কর্মকর্তা, বিএম কলেজের ছাত্রশিক্ষক প্রতিনিধিসহ থ্রিহুইলার চালক-মালিকরা উপস্থিত ছিলেন।

সভায় মহানগরীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রীসেবা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানানো হয়। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, থ্রি-হুইলারের বর্তমান ভাড়ার হার অপরিবর্তিত থাকবে এবং যাত্রীসাধারণকে বিদ্যমান ভাড়াতেই সেবা দেওয়া হবে।

একই সঙ্গে থ্রি-হুইলারের বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র থাকা বাধ্যতামূলক করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জানানো হয়, যেসব থ্রি-হুইলারের লাইসেন্স নবায়ন করা হয়নি বা বৈধ কাগজপত্র নেই, তাদের বিরুদ্ধে আগামী ১ জুলাই থেকে সম্মিলিত অভিযান পরিচালনা করা হবে। অভিযানে আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করা হবে।

বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের সভাপতিত্বে ত্রিপক্ষীয় বৈঠকে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল কবির সুমন, সরকারি বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম, বিসিসির প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান।

এর আগে রোববার সকালে অতিরিক্ত ভাড়া চাওয়াকে কেন্দ্র করে দুই শতাধিক থ্রিহুইলার আটকে রাখে বিএম কলেজ শিক্ষার্থীরা। এ ছাড়াও তারা যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। তারপর সোমবারের মধ্যে এ সংকট সমাধানের আশ্বাসে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...