
চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযানে বরগুনার পাথরঘাটায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বরগুনার পাথরঘাটা থানাধীন কাকচিরা ইউনিয়নের বিষখালী নদী সংলগ্ন এলাকায় গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার রাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি ফিশিং বোট ও ১ টি কাভার্ড ভ্যানে তল্লাশি চলিয়ে প্রায় ৭ কোটি ৪ লক্ষ ৬৭ হাজার টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৩ হাজার ৫০৭ পিস ভারতীয় শাড়ি, ১ হাজার ৪৬৬ পিস ভারতীয় পাঞ্জাবি এবং চোরাচালান কাজে ব্যবহৃত ফিশিং বোট ও কাভার্ড ভ্যানসহ ৫ জন চোরাকারবারিকে আটক করা হয়।
জব্দকৃত সকল আলামত ও আটককৃত চোরাকারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।