
চাঁদপুর শহরের বহুল আলোচিত ও নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস এবং তার পরিবারের তিন সদস্যকে অবশেষে চট্টগ্রামের পটিয়া এলাকায় খুঁজে পেয়েছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
চাঁদপুর সদর মডেল থানার এসআই কালাম গাজীর নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার (২৮ আগস্ট) ভোর আনুমানিক ৫টার দিকে তাদের সন্ধান পায়। তাদের বর্তমানে চাঁদপুরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
তিনি জানান, বাসা থেকে মালামাল নিয়ে আত্মগোপনে যাওয়া ট্রাকের চালককে শনাক্ত করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে চট্টগ্রামের পটিয়া থেকে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এর আগে গত ১০ দিন ধরে চাঁদপুর শহরের ‘এস কে শিল্পালয়’-এর স্বত্বাধিকারী পিন্টু দাস ও তার পরিবার (স্ত্রী রিমি দাস, বড় ছেলে প্রিয়ম দাস ও ছোট ছেলে রুপম দাস) রহস্যজনকভাবে লাপাত্তা ছিলেন। ১৯ আগস্ট থেকে তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং দোকান ও ভাড়া বাসা তালাবদ্ধ থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পিন্টু দাস স্বর্ণ বন্ধক রেখে ঋণ নেওয়ার পাশাপাশি বিভিন্ন এনজিও ও স্থানীয় লোকজনের কাছ থেকে বড় অংকের ঋণ নিয়েছিলেন। গ্রাহকদের বন্ধকি স্বর্ণালংকার ও পাওনা টাকা ফেরত দিতে না পারায় এবং ঋণের বোঝা মাথায় নিয়েই তিনি সপরিবারে আত্মগোপনে চলে গিয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী পাওনাদারদের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি ও অভিযোগ দায়ের করা হয়েছিল।
চাঁদপুর সদর মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক আবুল কালাম জানিয়েছে, আটকদের চট্রগ্রাম থেকে চাঁদপুরে নিয়ে যাওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।