
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঘরে ঢুকে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে আব্দুল্লাহ শেখ (২৬) নামে এক যুবক গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ধানকোড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃত আব্দুল্লাহ একই ইউনিয়নের পারকরফা গ্রামের মৃত নবাব আলী শেখের ছেলে। এর আগে গত ১৫ অক্টোবর ওই গৃহবধূ বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলাটি দায়ের করেন।
ওই গৃহবধূ অভিযোগ করে বলেন, আমি আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা করে উল্টো নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি তার ভয়ে পার্শ্ববর্তী লোহাগড়া উপজেলায় আমার এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছি। আমি ভয়ে আমার বাবার বাড়িতে যেতে পারছি না।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহফুজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আসামি আব্দুল্লাহ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এছাড়া আব্দুল্লাহ বিরুদ্ধে এলাকায় মাদক বিক্রি ও সেবন, চুরি-ডাকাতি এবং ছিনতাইসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।