
রাজধানীর মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের বাসায় হামলা ও ভাঙচুরের পর আগুন দিয়েছেন বিক্ষুব্ধ ব্যক্তিরা। এ সময় বাসার ভেতরে থাকা আসবাবপত্র ও বিভিন্ন সামগ্রী ভাঙচুর করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে মিরপুর ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ের একটি ছয়তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
২০২৪ সালের ৫ আগস্টের আগে এই বাসায় থাকতেন মাইনুল হোসেন নিখিল। ওই দিন গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
ঘটনার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, তিনি ঘটনা শুনেছেন। তবে মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে বিস্তারিত খোঁজ নিতে পারেননি।
তিনি আরও জানান, এসব ঘটনায় ভুক্তভোগীরা আইনি সহায়তা চাইলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।