• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ভারতের হায়দ্রাবাদে দ্রুতগতির গাড়ির ধাক্কায় ২৬ বছর বয়সী এক নারীর মৃত্যুর ঘটনায় অন্ধ্রপ্রদেশের এক সংসদ সদস্যের ছেলের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

নিহত ভারতী মুখি হায়দ্রাবাদের ইনঅরবিট মলের একটি পোশাকের দোকানে কাজ করতেন। গত ১৬ আগস্ট মাধাপুর এলাকায় কর্মস্থলের কাছেই রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তদন্তে গাড়িটির চালক হিসেবে সঞ্জুশকে শনাক্ত করে পুলিশ। তিনি অন্ধ্রপ্রদেশের ব্যবসায়ী ও রাজ্যসভার সদস্য লিঙ্গামানেনি রমেশের ছেলে। রমেশ জনসেনা পার্টির এমপি; দলটির প্রধান অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ।

দুর্ঘটনায় ভারতীর মাথায় গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। ঘটনার পর তাকে ওই গাড়িতেই জুবিলি হিলসের অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ঘটনার দিন ভারতী ও তার সহকর্মী পূজা অশোক দুপুরের খাবার খেতে কাছের আইটিসি কোহিনুর এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে কর্মস্থলে ফেরার পথে ইনঅরবিট মলের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির গাড়িটি ভারতীকে ধাক্কা দেয়।

পরে পূজা বিষয়টি দোকানের ম্যানেজার অশ্বিন কুমারকে জানান। তার মাধ্যমেই পুলিশ দুর্ঘটনার খবর পায়।

মাধাপুরের সহকারী পুলিশ কমিশনার চি শ্রীধর জানান, অভিযুক্ত সঞ্জুশকে পুলিশ নোটিশ দিয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলা জামিনযোগ্য। এ ছাড়া সংশ্লিষ্ট ধারায় সর্বোচ্চ শাস্তি সাত বছরের কম হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়নি।

ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১০৬(১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। বেপরোয়া বা অবহেলাজনিত কর্মকাণ্ডের কারণে কারও মৃত্যু হলে, এবং ঘটনাটি অপরাধমূলক হত্যাকাণ্ডের পর্যায়ে না পড়লে, এই ধারায় সেই ধরনের অপরাধের অভিযোগ আনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...