• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বিচারকরা

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

অধস্তন আদালতের বিচারকদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকা, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করা এবং এজলাসের পুরো সময় বিচারিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

যৌক্তিক কারণ ছাড়া নির্ধারিত সময়ের আগে এজলাসের কার্যক্রম শেষ করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

প্রধান বিচারপতির আদেশক্রমে সোমবার (২৩ নভেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসন এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

এতে বলা হয়েছে, বিচার বিভাগীয় কর্মকর্তাদের সময়মতো কর্মস্থলে উপস্থিতি, এজলাসের নির্ধারিত সময়ের সর্বোচ্চ ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার বিষয়ে এর আগেও একাধিকবার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু এসব নির্দেশনা সত্ত্বেও কিছু বিচার বিভাগীয় কর্মকর্তা সপ্তাহের বিভিন্ন কার্যদিবসে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নির্ধারিত সময়ের আগেই কর্মস্থল ত্যাগ করছেন।

এ ছাড়া অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ে এজলাসের কার্যক্রম শুরু হচ্ছে না। কোথাও কোথাও নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই বিচারিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে বিচারপ্রার্থীদের বিচারপ্রাপ্তি ব্যাহত হওয়ার পাশাপাশি বিচারিক কার্যক্রমের স্বাভাবিক গতি ও শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতিতে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করা, মামলাজট কমানো এবং বিচারিক কার্যক্রমে কাঙ্ক্ষিত গতিশীলতা আনতে কর্মঘণ্টার যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রত্যেক বিচার বিভাগীয় কর্মকর্তাকে কর্মদিবসে নির্ধারিত সময়ে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো কর্মকর্তা কর্মদিবসে কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। একই সঙ্গে সপ্তাহান্তের ছুটি শেষে পরবর্তী কার্যদিবসে কর্মস্থলে যোগদানের ক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব করা যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী এজলাসের বিচারিক কার্যক্রম শুরু করতে হবে এবং পুরো সময় যথাযথভাবে কাজে লাগাতে হবে। যৌক্তিক কারণ ছাড়া নির্ধারিত সময়ের আগে বিচারিক কার্যক্রম শেষ করা যাবে না।

সার্কুলারে নির্দেশনা অমান্যের বিষয়ে সতর্ক করে বলা হয়েছে, এসব নির্দেশনা লঙ্ঘন করলে তা সংশ্লিষ্ট বিচার বিভাগীয় কর্মকর্তার দায়িত্ব পালনে অবহেলা বা অসদাচরণ হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে প্রচলিত বিধি-বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিচার বিভাগের ভাবমূর্তি ও শৃঙ্খলা বজায় রাখা এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে আগের জারি করা সার্কুলারগুলোর নির্দেশনাও যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট বিচার বিভাগীয় কর্মকর্তাদের পুনরায় নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...