
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আট ঘণ্টা পর পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার রেনু মিয়া কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকার ইল্লাত মিয়ার ছেলে। তিনি ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন রেনু মিয়াকে পুনরায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সোমবার দুপুরে রেনু মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে হাতকড়া পরানোর কিছুক্ষণ পর পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান তিনি।
পরে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। প্রায় আট ঘণ্টা পর রাত ১০টার দিকে ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকা থেকে তাকে আবারও গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় করা একটি মামলাসহ কয়েকটি মামলার আসামি রেনু মিয়া। এসব মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।