
বগুড়ার ধুনট উপজেলায় মসজিদে যাতায়াতের রাস্তার পাশের জঙ্গল থেকে বেওয়ারিশ এক ছেলে নবজাতককে উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামে এ ঘটনা ঘটে। নবজাতকটি কে বা কারা সেখানে রেখে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রাস্তার পাশের জঙ্গল থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান এক ব্যক্তি। পরে সেখানে গিয়ে তিনি নবজাতকটিকে পড়ে থাকতে দেখেন। পরে নবজাতকাটিকে পূর্ব গুয়াডহরী গ্রামের আব্দুল গুনি সরকারের ছেলে মিজানুর রহমান উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান। নবজাতক উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাকে একনজর দেখতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ ওই বাড়িতে ভিড় করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে নববাতকের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।