
বরগুনার আমতলী উপজেলায় বিএনপি নেতাদের উপস্থিতিতে কলেজের নবীনবরণ অনুষ্ঠানে কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এসময় অনুষ্ঠানে অতিথি ছিলেন- আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকির এবং উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মো. জালাল উদ্দিন ফকির। তার বক্তব্য শেষ হওয়ার পর শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।
বিষয়টি নিয়ে অনুষ্ঠানে উপস্থিত অনেকেই বিস্মিত হন বলে শিক্ষার্থীরা বলেন।
উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা বলেন, আমরা সামনে বসা ছিলাম। পেছন থেকে শিক্ষার্থীদের মধ্য থেকে কেউ ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে কিনা, তা আমাদের কানে আসেনি। তবে ফেসবুকে একটি ভিডিও দেখেছি। সেটি এডিট করা কিনা, তাও জানি না।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. জাকারিয়া বলেন, আজ কলেজে নবীনবরণ অনুষ্ঠান ছিল। তবে শিক্ষার্থীরা কেউ ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে কিনা, তা আমি শুনিনি। ফেসবুকে কী ধরনের ভিডিও ভাইরাল হয়েছে, সেটিও আমার জানা নেই। আমি ফেসবুক ব্যবহার করি না।