
কথায় নয়, কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করলেন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসান। শহরের জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় খাল পরিষ্কার অভিযানে শুধু নির্দেশনা দিয়েই দায়িত্ব শেষ করেননি তিনি, নিজেই নেমেছেন হাঁটুপানিতে। খালের কচুরিপানা ও আবর্জনা অপসারণে তার এমন উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে স্থানীয়দের।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় ভাণ্ডারিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ডসংলগ্ন কাজীবাড়ি ও মিয়াবাড়ি এলাকার মুচিরখালে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বিডি ক্লিন ভাণ্ডারিয়ার সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান। উদ্বোধনের পরপরই তিনি নিজে হাঁটুপানিতে নেমে খালের কচুরিপানা ও আবর্জনা পরিষ্কারে অংশ নেন। তার সঙ্গে বিডি ক্লিনের সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
ইউএনও হাসিবুল হাসান বলেন, সামান্য বৃষ্টিতেই পৌরশহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ সমস্যা সমাধানে খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখা, অবৈধ দখলমুক্ত করে খাল পুনরুদ্ধার এবং নিয়মিত পরিষ্কার করা জরুরি। এ উদ্যোগ বাস্তবায়িত হলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি মশার বংশবিস্তার রোধ ও শহরের সৌন্দর্যবর্ধনেও ইতিবাচক ভূমিকা রাখবে।
স্থানীয়রা জানান, একজন প্রশাসনিক কর্মকর্তাকে নিজেই হাঁটুপানিতে নেমে খাল পরিষ্কারে অংশ নিতে দেখে তারা অনুপ্রাণিত হয়েছেন। শুধু নির্দেশনা না দিয়ে নিজের কাজের মাধ্যমে উদাহরণ সৃষ্টি করেছেন ইউএনও। তার এ উদ্যোগ অন্যদেরও নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখতে উৎসাহিত করবে বলে মনে করছেন তাঁরা।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মলাদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিরাজ হাওলাদার, ২ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি কাজী সফিকুল আলম সুমন, বিডি ক্লিন ভাণ্ডারিয়ার সমন্বয়ক মেহেদী হাসানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।