• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, সর্বনিম্ন বরিশাল; জিপিএ-৫ কোন বোর্ডে কত?

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে ৪৪ দশমিক ৮৪ শতাংশ পাসের হার নিয়ে সর্বনিম্ন অবস্থানে রয়েছে বরিশাল বোর্ড। এরপরের অবস্থানে রয়েছে যশোর শিক্ষা বোর্ড, যার পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। এছাড়া ৬১ দশমিক ৮০ পাসের হার নিয়ে সর্বোচ্চ অবস্থানে রয়েছে ঢাকা বোর্ড। পাশাপাশি চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭, সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০, ময়মনসিংহ ৫১ দশমিক ৪৪, কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪, দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮ ও রাজশাহী বোর্ডে ৪৫ দশমিক ০৬ শতাংশ।

এদিকে ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে ৬১ দশমিক ০৭ শতাংশ পাসের হার নিয়ে এগিয়ে আছে মাদ্রাসা বোর্ড।

জিপিএ-৫ কোন বোর্ডে কত

চলতি বছর মোট জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। আগের বছরের চেয়ে এবার জিপিএ-৫ কমেছে ২৯ হাজার ১৩ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন।

এবার ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৭১৪ জন, চট্টগ্রাম বোর্ডে দুই হাজার ৯২৯ জন, যশোর বোর্ডে তিন হাজার ২২৮ জন, কুমিল্লা বোর্ডে এক হাজার ৩১৩ জন, ময়মনসিংহ বোর্ডে দুই হাজার ১৩৭ জন, রাজশাহী বোর্ডে চার হাজার ৫২০ জন, দিনাজপুর বোর্ডে দুই হাজার ৯৫৩ জন, বরিশাল বোর্ডে ৯৫০ জন, সিলেট বোর্ডে এক হাজার ২০৪ জন এবং মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ২৫০ শিক্ষার্থী।

চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন।

গত ২ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করে পরে তা নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...