
ঝালকাঠিতে বাঁশবোঝাই ট্রলি উল্টে মো. ফোরকান গাজী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঝালকাঠি-নলছিটি আঞ্চলিক মহাসড়কের ষাটপাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাঁশবোঝাই একটি ট্রলি ঝালকাঠি-নলছিটি আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাওয়ার সময় ষাটপাকিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রলিতে থাকা তিনজন ছিটকে পড়ে হতাহত হন। ঘটনাস্থলেই ফোরকান গাজীর মৃত্যু হয়।
নিহত ফোরকান গাজী ঝালকাঠি জেলার মো. মরতুজা গাজীর ছেলে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।