
নোয়াখালীর হাতিয়াসংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ৩ কেজি ওজনের একটি রুপালি ইলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের এনায়েত মৎস্য আড়তে নিলামে ১০ হাজার টাকায় মাছটি বিক্রি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী মো. বেলাল হোসেন মাছটি কিনে নেন।
জানা গেছে, হাতিয়ার হরণী ইউনিয়নের জেলে মো. মিলন হোসেন ‘মায়ের দোয়া’ নামের একটি ট্রলার নিয়ে ৯ জন মাঝিমাল্লাসহ বঙ্গোপসাগরে ইলিশ শিকারে যান। টানা ছয় দিন সাগরে মাছ ধরার পর অন্যান্য ইলিশের সাথে তাদের জালে বড় আকারের এই ইলিশটি ধরা পড়ে।
শনিবার সকালে মাছটি চেয়ারম্যান ঘাটে নিয়ে আসার পর এনায়েত মৎস্য আড়তে নিলামে তোলা হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা মাছটি কেনার জন্য দর হাঁকেন। একপর্যায়ে ১০ হাজার টাকায় মাছটি কিনে নেন ব্যবসায়ী মো. বেলাল হোসেন।
এনায়েত মৎস্য আড়তের মালিক এনায়েত হোসেন বলেন, সকালে জেলেরা মাছটি ঘাটে নিয়ে আসেন। এত বড় একটি ইলিশ দেখে আড়তে আসা ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়। নিলামে মাছটির দাম ১০ হাজার টাকা ওঠে। পরে স্থানীয় এক ব্যবসায়ী সেটি কিনে নেন।