• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জাবি শিক্ষার্থী আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আসাদুল আলম শেখ নামের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি অনুষদের ৫১তম ব্যাচের শিক্ষার্থী।

মঙ্গলবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হল থেকে তাকে আটক করা হয়। পরে আশুলিয়া থানা-পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।

এর আগে প্রক্টরিয়াল টিম, হল সংসদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নেতারা ছাত্রলীগের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদের সময় আসাদুলের মুঠোফোন পরীক্ষা করে ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়। এর মধ্যে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন এবং জাবি ছাত্রলীগের সাবেক সহসভাপতি এনামুল হক এনামের সঙ্গে তার নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়ার কথা জানান তারা।

এ ছাড়া, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় জাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ দেওয়ার অভিযোগে অভিযুক্ত ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক হোসনে আরার সঙ্গেও আসাদুলের যোগাযোগ ছিল বলে জানা গেছে। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন অধ্যাপক হোসনে আরাকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ‘সতর্ক’ করেছিল।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, আসাদুল যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত একটি অনলাইন নিউজ পোর্টালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ওই পোর্টালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষে প্রচারণামূলক সংবাদ প্রকাশ করা হতো। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানকে নিয়েও সেখানে অপপ্রচারের অভিযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবদুস সাত্তার বলেন, আসাদুল এর আগে ছাত্রলীগের কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে গোপনে সংগঠনটির নেটওয়ার্ক ধরে রাখার চেষ্টা করছেন বলে তারা তথ্য পেয়েছেন।

তিনি জানান, হল সংসদ ও জাকসুর নেতাদের বিভিন্ন তথ্য আসাদুল দেশ-বিদেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে পাঠিয়েছেন। তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং প্রচলিত আইনে তার বিরুদ্ধে বিচার হবে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলা হয়েছে। বুধবার তাকে আদালতে হাজির করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...