
স্কুলগামী ছাত্র-ছাত্রীদের নিরাপদ চলাচল, উত্যক্তসহ দশম শ্রেনীর এক ছাত্রকে মারধরের পর কানধরে ওঠবস করানোর অভিযোগ পাওয়া গেছে এক যুবদল নেতার বিরুদ্ধে।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে স্কুলের শিক্ষার্থীরা অভিযুক্তকে আটক করে তার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে।
খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক লিপন শরীফকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছেন।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, দন্ডপ্রাপ্ত লিপন শরীফ নাঠৈ গ্রামের বাসিন্দা বাদশা শরীফের ছেলে ও জেলা যুবদলের সাবেক সদস্য।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন গৌরনদী উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মো. মেহেদী হাসান।
তথ্যের সত্যতা নিশ্চিত করে ওই বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. শাহিন জানিয়েছেন-লিপন শরীফ দীর্ঘদিন থেকে স্কুলের শিক্ষার্থীদের বিভিন্নধরনের হয়রানী করে আসছিলো।
তিনি আরও জানিয়েছেন, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্কুলের বিরতীকালীন সময় লিপন শরীফ অহেতুক দশম শ্রেনীর এক ছাত্রকে মারধর করে। একপর্যায়ে স্কুলের মাঠের মধ্যে এনে কানধরে ওঠবস করানো হয়। এসময় বিদ্যালয়ের একাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা তার (লিপন) প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষকদের অকথ্যভাষায় গালিগালাজ করে অভিযুক্ত লিপন শরীফ।
প্রধান শিক্ষক আরও জানান, এনিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে স্কুলের শিক্ষার্থীরা অভিযুক্তর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন।
এসময় লিপন শরীফ লাঠি হাতে স্কুলের মধ্যে প্রবেশ করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে তাকে (লিপন) অবরুদ্ধ করে স্কুলের একটি কক্ষে আটক করে রাখে।
এনিয়ে চরম উত্তেজনা ছড়িয়ে পরলে তাৎক্ষণিক তিনি (প্রধান শিক্ষক) বিষয়টি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীমকে অবহিত করেন।
সূত্রমতে, ইউএনওর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান থানা পুলিশ সাথে নিয়ে ঘটনাস্থলে আসেন।
এসময়েও স্কুলের শিক্ষার্থীরা অভিযুক্ত লিপন শরীফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক লিপন শরীফকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ছাত্রীদের উপর শ্লীলতাহানিকর কথা ও ছাত্রদের উপর অপরাধমূলক বলপ্রয়োগ এবং শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে লিপন শরীফকে দণ্ডবিধি ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, দন্ডপ্রাপ্তকে ওইদিন দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
থানা হাজতে বসে দন্ডপ্রাপ্ত যুবদল নেতা লিপন শরীফ জানিয়েছেন, প্রায়দিনই স্কুলের শিক্ষার্থীরা ক্লাশ ফাঁকি দিয়ে এলাকায় ঘোরাফেরা করে আসছিলো। বিষয়টি শিক্ষকদের জানিয়েও কোন প্রতিকার মেলেনি। তাই মানবিক দিক বিবেচনা করে নিজের সন্তানের মতো ভেবে শিক্ষার্থীদের শাসন করতে গিয়ে আমি নিজেই দন্ডিত হয়েছি।