
ফরিদপুরের নগরকান্দায় কেন্দ্রীয় কালী মন্দির থেকে চুরি হওয়া দুটি পিতলের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া মূর্তি দুটির ওজন প্রায় ২২ কেজি। বুধবার সন্ধ্যায় উপজেলার জুঙ্গুরদী গ্রামে অভিযান চালিয়ে মোস্তফা মোল্লার বাড়ির আঙিনা থেকে মূর্তি দুটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— জুঙ্গুরদী গ্রামের শিয়াব মুন্সি (২০), শশা গ্রামের রুমান তালুকদার (১৯), ছাগলদী গ্রামের মহাসিন শেখ (২১) এবং জুঙ্গুরদী গ্রামের আবির আহমেদ (১৮)।
পুলিশ জানায়, গত সোমবার সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে সেবায়েত রমা চক্রবর্তী মূর্তি চুরির বিষয়টি জানতে পারেন। এর আগে রোববার রাতে মন্দিরে তালা দিয়ে তিনি বাসায় যান। পরদিন ভোরে এসে দেখেন মন্দিরের তালা ভাঙা এবং ভেতরের পিতলের মূর্তি দুটি নেই। পরবর্তীতে মন্দির কমিটির সাথে আলোচনা করে নগরকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে নগরকান্দা থানা পুলিশ। পরবর্তীতে আটক ব্যক্তিদের দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী অভিযান চালিয়ে জুঙ্গুরদী গ্রাম থেকে চুরি হওয়া মূর্তি দুটি উদ্ধার করা হয়।
মূর্তি উদ্ধারের সময় নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ ও ওসি (তদন্ত) রাজ্জাকসহ পুলিশের ঊর্ধ্বতন সদস্যরা উপস্থিত ছিলেন।
নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ জানান, চুরি হওয়া মূল্যবান মূর্তি দুটি উদ্ধার করা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। উদ্ধার করা মূর্তি দুটি মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।