
বরিশালের উজিরপুরে নিখোঁজের দুই দিন পর মহসিন মল্লিক বাবু (১৬) নামে ইলেকট্রিক মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ কুড়ালিয়া এলাকার একটি মাছের ঘের থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহসিন মল্লিক বাবু উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুন্সিতালুক গ্রামের মো. নয়ন মল্লিকের ছেলে। পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জরুরি কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি বাবু। এরপর স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।