• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার ও মানসম্মান নষ্ট না হয়: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, মিডিয়া গণতন্ত্রের একটা স্তম্ভ। আমাদের কাজগুলো খারাপ করছি না ভালো করছি- সেগুলো আপনারা দেখবেন। আপনাদের এটাও মাথায় রাখতে হবে যে আপনাদের কলমের খোঁচায় যেন কারো জীবন, ক্যারিয়ার ও মানসম্মান নষ্ট না হয়। এটা আপনাদের নৈতিক দায়িত্ব।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা প্রেস ক্লাবের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আন্দালিভ রহমান পার্থ বলেন, কোনো নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না, হয়তো নীতিমালা করে আমি আইনের আওতায় আনতে পারব। আপনাকে নৈতিকভাবে মাথায় রাখতে হবে আপনার একটা অর্ধসত্য ও স্বল্পজ্ঞান বা যেটা আপনি আরও জানা উচিত এ ধরনের কোনো সংবাদের কারণে কোনো মানুষ তাদের রেপুটেশন থেকে আরম্ভ করে তার যেন কোনো কিছু (ক্ষতি) না হয়। আবার কারও বেশি প্রশংসাও যেন না হয়। গণতন্ত্রের একটা স্তম্ভ হিসেবে আপনাদের (সাংবাদিকদের) দায়িত্ব বেড়ে গেছে।

সাইবার বুলিং বাড়ছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এখন মানুষ একটা সত্য নিউজ দেখলেও এটা ফেক নিউজ কিনা তা চেক করে। রাজনীতিবিদ হিসেবে আমাদের সোশ্যাল মিডিয়া টলারেন্সের জায়গা আরও বাড়াতে হবে। এখন সবার হাতে স্মার্ট মোবাইল ফোন, গণতন্ত্র ও বাক-স্বাধীনতার নামে কী ধরনের শব্দ ব্যবহার হয় সেটাও গত ২-৩ বছরে দেখেছি। সবমিলিয়ে আমি বলব না আমরা একটা খারাপ পরিস্থিতির মধ্যে আছি, বাস্তব পরিস্থিতির মধ্যে আছি। আমরা সম্পূর্ণ আলাদা পরিস্থিতির মধ্যে আছি, মানুষের মানসিকতা পরিবর্তন হয়েছে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের এটাই বলব- আপনারা যখন লিখবেন তখন আমাদের সমালোচনা করবেন, আমাদের কাজগুলো কোথায় কোথায় ঠিকমতো হচ্ছে সে বিষয়গুলো তুলে আনবেন। ভোলায় আমাদের দেওয়া বরাদ্দ ও কাজগুলো ঠিকমতো হচ্ছে কিনা সেই বিষয়গুলো আমাদের জানাবেন। আমাদেরকে নিয়ে সংবাদ প্রকাশ করবেন আমাদেরকে সাহায্য করার জন্য, যাতে আমরা সঠিকভাবে কাজটা করতে পারি। আপনি আমাকে পছন্দ করেন না সেখান থেকে যেন সংবাদ না হয়। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব।

ভোলায় মাদক এখন সবচেয়ে বড় ইস্যু জানিয়ে আন্দালিভ রহমান পার্থ বলেন, আমাদের তরুণ সমাজ এবং সমাজের অবক্ষয় যেভাবে এখানে হচ্ছে আমি মনে করি প্রত্যেকটা ইউনিয়নে কমিউনিটি পুলিশিং করে সেখান থেকেও প্রশাসনকে সাহায্য করা উচিত যে, মাদক কে কীভাবে ভোলায় নিয়ে আসে। মাদক নির্মূলে সমাজের গণ্যমান্যদের নিয়ে কমিটি গঠনের কথাও জানান তিনি। এছাড়া মতবিনিময় সভায় ভোলার সার্বিক উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও জানান মন্ত্রী।

মতবিনিময় সভায় ভোলা প্রেস ক্লাবের সভাপতি নজরুল হক অনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার। এছাড়া জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সদস্য সচিব রাইসুল আলমসহ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতারা বক্তব্য রাখেন।

এ সময় ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...