• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে তিনবার আছাড়; আটক ১

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রবেশ করে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে এক অভিভাবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রস্তুতিমূলক কুচকাওয়াজ শেষে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অবস্থান করছিল। এ সময় ষষ্ঠ শ্রেণির ছাত্র আতিকুর রহমানকে মারধরের সন্দেহে তার বাবা নাহিদ শেখ (৩৫) শ্রেণিকক্ষে প্রবেশ করেন। পরে তিনি একই শ্রেণির ছাত্র হাবিবকে (১৩) ধরে শ্রেণিকক্ষের ভেতর তিনবার আছাড় দেন বলে অভিযোগ ওঠে।

এ সময় শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীরা ভয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করলে বিদ্যালয়ের শিক্ষকরা ঘটনাস্থলে এগিয়ে আসেন। পরে প্রধান শিক্ষক নাহিদ শেখকে তার কক্ষে নিয়ে যান এবং বিষয়টি সিরাজদীখান থানা পুলিশকে জানান।

খবর পেয়ে সিরাজদীখান থানা পুলিশ বিদ্যালয়ে গিয়ে নাহিদ শেখকে আটক করে থানায় নিয়ে যায়। আটক নাহিদ শেখ উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামের মৃত আব্দুর জব্বার শেখের ছেলে।

এদিকে, এ ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ওই স্কুলের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম জানান, গতকাল বুধবার দুই ছাত্রের মধ্যে ঝগড়া হয়েছিল। এ নিয়ে আজ এক ছাত্রের অভিভাবক আরেক ছাত্রকে মারধর করে। প্রধান শিক্ষকের কাছে বিচার না দিয়ে এভাবে শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে মারধরের বিষয়টি খুবই লজ্জাজনক। ওই অভিভাবকের এমন কাজ করা মোটেও ঠিক হয়নি।

সিরাজদীখান থানার ওসি মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত অভিভাবক থানায় আটক আছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিরাজদীখান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুম্পা ঘোষ বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...