
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সুস্থ, দক্ষ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা ও খেলাধুলাকে সমন্বয় করে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট’ আয়োজন করা হচ্ছে। এ জন্য তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ তুলে আনতে চাইছি। সে জন্য তৃণমূল স্তরে ক্রীড়ার শক্ত ভিত্তি গড়ে তুলতে চাইছি। যাতে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়ায় প্রতিষ্ঠিত করা যায়।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রামে সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে পূর্বনির্ধারিত ৯ আগস্টের পরিবর্তে আগামী সেপ্টেম্বর ৯ অথবা ১০ তারিখ উদ্বোধনের পরিকল্পনা করা হয়েছে। চট্টগ্রাম থেকে একইদিনে একই সময়ে দেশের সব উপজেলায় এই টুর্নামেন্ট উদ্বোধন করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের প্রাথমিক পর্যায়ের ২২ লাখ শিক্ষার্থী নিয়ে এর আগে বড় পরিসরে ক্রীড়া আয়োজন করা হয়নি। এবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে দেশব্যাপী এই প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। দেশের প্রায় এক কোটি ৬০ লাখ শিক্ষার্থী এই আয়োজনের সঙ্গে যুক্ত হবে। দেশে ১৯ হাজার ২২১টি মাধ্যমিক বিদ্যালয়, এক হাজার ৯৫৬টি স্কুল অ্যান্ড কলেজ, ৩ হাজার ৩৮০টি কলেজ, ৯ হাজার ২৯৬টি মাদ্রাসা এবং ৬৭৮টি কারিগরি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাবে।
প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্টের জন্য লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং তৈরিতে শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে সাড়া পাওয়া গেছে। নির্বাচিত সেরাদের প্রধানমন্ত্রীর মাধ্যমে পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক প্রমুখ।