
জামালপুরের বকশীগঞ্জে বেপরোয়া গতির বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দা উফেজা বেগম (৫০) এবং তাঁর পুত্রবধূ ফরিদা বেগম (৩৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ির উঠানের পাশে সড়কের ধারে দাঁড়িয়ে কথা বলছিলেন শাশুড়ি উফেজা বেগম ও পুত্রবধূ ফরিদা বেগম। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রৌমারীগামী ‘শান্তি পরিবহন’-এর একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা দুই নারীকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় শাশুড়ি ও পুত্রবধূ মাটিতে লুটিয়ে পড়েন এবং রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
দুর্ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এলে বাসের চালক ও হেলপার পালানোর চেষ্টা করেন। পরে উপস্থিত ক্ষুব্ধ স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসের হেলপার মাহিনকে আটকে রাখতে সক্ষম হন। খবর পেয়ে বকশীগঞ্জ থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেছে। স্থানীয়দের সহযোগিতায় ঘাতক বাসের হেলপার মহিন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতিসহ অন্যান্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”