
রবীন্দ্রনাথ ঠাকুরসহ লেখক ও চলচ্চিত্রকারদের ছবিতে চুনকালি দেওয়ার অভিযোগে রাষ্ট্রসংলাপ ফোরামের সভাপতি ও জুলাইযোদ্ধা আ ন ম আয়াশকে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে শিল্পকলা একাডেমির সামনে থেকে তাদের আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক ও চলচ্চিত্রকারদের ছবিতে কালি দেওয়ায় তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তারা এখন থানায় আছেন।
এর আগে শিল্পকলা একাডেমি সংলগ্ন দেয়ালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ১০ জন লেখক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের ছবি আঁকা নিয়ে সমালোচনা দেখা যায়। বাংলাদেশের গুণী ব্যক্তিত্বদের পাশাপাশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরসহ পশ্চিমবঙ্গের তিন সাহিত্যিক ও চলচ্চিত্রকারের ছবি স্থান পেয়েছে ওই দেয়ালচিত্রে।
সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অংশ হিসেবে এলাকাটিতে মৎস্য ভবনের দিকে যেতে শিল্পকলা একাডেমির সীমানা প্রাচীরের বিপরীত পাশে দখলমুক্ত ফুটপাতে নতুন ডাস্টবিন ও বিশ্রামের বেঞ্চ বসানো হয়েছে। ফুটপাতসংলগ্ন দেয়ালে আঁকা হয়েছে বিভিন্ন গুণী ব্যক্তিত্বের গ্রাফিতি।
দেয়ালে আঁকা ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ফকির লালন শাহ, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও এস এম সুলতান, চলচ্চিত্রকার জহির রায়হান, বাউল সম্রাট শাহ আবদুল করিম এবং অভিনেতা হুমায়ূন ফরীদি। তাদের পাশাপাশি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, ঔপন্যাসিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ছবিও আঁকা হয়েছে দেয়ালটিতে।