• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
লালমোহনে সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের মারধরে ছোট ভাই নিহত বন্ধুত্বের টানে দূরে দাঁড়িয়েই মুসলিম বন্ধুকে শেষ বিদায় জানালেন সুরেশ চবিতে ভর্তি পরীক্ষায় আবেদনের সময় বাড়ল মঠবাড়িয়ায় সুপারি বাগান থেকে কৃষকের মরদেহ উদ্ধার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন উদ্দিন সিকদার বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও সন্তানসহ নিহত ৩ ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড আগৈলঝাড়ায় শিক্ষক নেতাসহ গ্রেপ্তারকৃত চারজনকে জেলহাজতে প্রেরণ আগৈলঝাড়ায় ইজিবাইকে মিলল শক্তিশালী বোমা, চালক গ্রেপ্তার

বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন উদ্দিন সিকদার

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) চেয়ারম্যান পদে শেষ পর্যন্ত নিয়োগ পেয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা ৬ বিএনপি নেতার মধ্যে তাঁকেই এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে সরকার। রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও হিসাব-নিকাশের পর চেয়ারম্যান পদে নিয়োগকে জিয়াউদ্দিন সিকদারের রাজনৈতিক পথচলার বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল বশিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

এর আগে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে বিএনপির একাধিক নেতার নাম আলোচনায় আসে। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চাঁন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার, মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদ এবং বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।

চেয়ারম্যান পদে ৬ নেতার নাম আলোচনায় থাকার বিষয়টি নিয়ে গত জুনে স্থানীয় গণমাধ্যমেও একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। তবে শেষ পর্যন্ত জিয়াউদ্দিন সিকদারের নামেই নিয়োগের প্রজ্ঞাপন জারি হলো। ফলে দীর্ঘদিনের রাজনৈতিক আলোচনা ও সম্ভাবনার অবসান ঘটিয়ে গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্ব পেলেন তিনি।

জিয়াউদ্দিন সিকদার বরিশাল মহানগর বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয়। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাঁর ভূমিকা ছিল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে একাধিকবার হামলা, মামলা ও গ্রেপ্তারের মুখোমুখি হন তিনি। নানা প্রতিকূলতার মধ্যেও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এই নেতা।

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার শিকার হন জিয়াউদ্দিন সিকদার। তাঁর অভিযোগ, ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁকে কুপিয়ে আহত করেন। পরে একই বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ওই ঘটনায় তিনি বাদী হয়ে একটি মামলা করেন।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় হামলা, মামলা ও নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়ার পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া জিয়াউদ্দিন সিকদারের জন্য নতুন অধ্যায়ের সূচনা। রাজনৈতিক অঙ্গনে এটি তাঁর জন্য উল্লেখযোগ্য সাফল্য হিসেবেও বিবেচিত হচ্ছে।

নাগরিকসমাজ বলছে, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে তাঁর সামনে এখন বড় চ্যালেঞ্জ পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা। নগরের অপরিকল্পিত সম্প্রসারণ রোধ, জলাবদ্ধতা নিরসন, খাল-জলাশয় সংরক্ষণ, আধুনিক সড়ক অবকাঠামো গড়ে তোলা এবং পরিবেশবান্ধব নগর পরিকল্পনা বাস্তবায়নে তাঁর ভূমিকার দিকে তাকিয়ে রয়েছেন বরিশালবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...