
চাঁদপুরে পিতা-মাতার ভরণপোষণে অস্বীকৃতি প্রকাশ, মারধর, গালমন্দ ও প্রাণনাশের হুমকির অভিযোগে নিজ ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে। গত ২ সেপ্টেম্বর ফাতেমা বেগম নামে এক নারী, নিজ ছেলের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেন।
মামলাটি আমলে নিয়ে ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং পুত্রবধূর বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান মামলাটি আমলে নিয়ে এ আদেশ দেন।
মামলার বাদী আমেনা বেগম (৫৫) চাঁদপুর শহরের ব্যাংক কলোনি এলাকার আব্দুর রহমান খানের স্ত্রী। মামলায় তার ছেলে আবদুল্লাহ আল নোমান (৩৫) ও পুত্রবধূ সুমি বেগমকে (২৭) আসামি করা হয়েছে।
মামলার বিষয়টি রাতে নিশ্চিত করেন, বাদীপক্ষের আইনজীবী মো. আব্দুর রহিম (রুবেল)। তিনি বলেন, মামলার প্রধান আসামি পলাতক। দ্বিতীয় আসামি নোমানের স্ত্রী সুমি বেগমকে গ্রেফতার করেছে বলে জানতে পেরেছি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি আবদুল্লাহ আল নোমান মাদকাসক্ত। তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদক, চুরি ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা চলমান রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
মামলায় আরও অভিযোগ করা হয়, বাদী আমেনা বেগম ও তার স্বামী আব্দুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছেন।
এ অবস্থায় ছেলে নোমান ও তার স্ত্রী সুমি বেগম তাদের ভরণপোষণ না দিয়ে, উল্টো গালমন্দ ও মারধর করে আসছেন। তাদের নির্যাতন ও অত্যাচারে নিজ বাড়িতেও বসবাস করতে পারছিলেন না তারা। এমন পরিস্থিতিতে প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হন আমেনা বেগম।
এদিকে, আদালত মামলাটি আমলে নিয়ে আদেশ দেওয়ার পর পুলিশ এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির বাদী ও তার স্বামীকে তাদের নিজ বাড়িতে বসবাসের ঘর বুঝিয়ে দেন।