
প্রস্তাবিত ঢাকা-ভোলা কানেক্টিং রোডের সম্ভাব্য সংযোগস্থলগুলো সরেজমিন পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান।
শনিবার দুপুরে শরীয়তপুরের গোসাইরহাট হয়ে বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর আবুপুর এলাকা থেকে শুরু করে মুলাদী-হিজলা-মেহেন্দিগঞ্জ হয়ে ভোলা পর্যন্ত প্রস্তাবিত সড়কের বিভিন্ন সম্ভাব্য রুট ঘুরে দেখেন তিনি।
এ সময় সংশ্লিষ্ট এলাকার ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা এবং সড়ক নির্মাণের সম্ভাব্যতা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন প্রতিমন্ত্রী।
সংশ্লিষ্টরা জানান, এই সড়ক বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি বাণিজ্য, পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।
পরিদর্শন শেষে রাজিব আহসান বলেন, ঢাকা ও ভোলার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনে প্রস্তাবিত এই সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পটি বাস্তবায়নের আগে সম্ভাব্য রুট, কারিগরি বিষয় এবং স্থানীয় বাস্তবতা বিবেচনায় নেওয়া হচ্ছে।