• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ছেলের নামে মায়ের কাছে নালিশ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের স্কুলে দুই শিক্ষকের মারামারি: সেই শিক্ষক দম্পতির বিরুদ্ধে মামলা, বদলির সুপারিশ খুলনায় পুলিশ পরিদর্শককে চাপাতি দিয়ে জখম, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রেমিকের বাইক চালাচ্ছিল প্রেমিকা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনেরই হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টি বোর্ডের কার্যক্রমে বাধা নেই ধর্মীয় বিষয়ে বৈষম্য হলে সবসময় আওয়াজ তুলবো: নাহিদ ইসলাম বরিশালে নবীনবরণের কনসার্টে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ সাতক্ষীরায় যুবকের দায়ের কোপে বৃদ্ধা নিহত, আহত ২ দুর্গাপূজার আগে ৩৪ স্থানে হামলা-প্রতিমা ভাঙচুরের অভিযোগ

ছেলের নামে মায়ের কাছে নালিশ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মায়ের কাছে ছেলের বিরুদ্ধে বিচার দিতে গিয়ে কাঠের বাটামের আঘাতে ইমদাদুল হক (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) রাতে পৌর এলাকার নওদাবন্ডবিল নতুন বাসস্ট্যান্ডসংলগ্ন গোবিন্দপুর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে অভিযুক্ত নাইস খন্দকারকে (২৫) স্থানীয় যুবকদের সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ।

নিহত ইমদাদুল হক নওদাবন্ডবিল গ্রামের রেজাউল করিমের ছেলে এবং অভিযুক্ত নাইস খন্দকার একই এলাকার মৃত মজনু খন্দকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে নতুন বাসস্ট্যান্ডের একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন ইমদাদুল ও নাইস। একপর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। নাইসের আচরণে ক্ষুব্ধ হয়ে ইমদাদুল সরাসরি তার বাড়িতে গিয়ে মায়ের কাছে ছেলের বিরুদ্ধে অভিযোগ করতে যান। মায়ের কাছে নালিশ দেওয়ার সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নাইস একটি কাঠের বাটাম হাতে ইমদাদুলকে ধাওয়া করেন। প্রাণভয়ে পালানোর সময় ইমদাদুল ঘরের পাশে পড়ে গেলে নাইস সজোরে তার মাথায় বাটাম দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর ও রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরবর্তীতে স্বজন ও স্থানীয়রা ইমদাদুলকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে করে কুষ্টিয়ায় নেওয়ার পথে খাজানগর নামক এলাকায় তার মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত নাইস পালিয়ে লালব্রিজ এলাকায় চলে যান। সেখানে স্থানীয় কয়েকজন যুবক তাকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটকের চেষ্টা করেন। এ সময় তিনি বধ্যভূমির দিকে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি; স্থানীয়রা তাকে ধরে পুলিশে সোপর্দ করেন।

এদিকে অভিযুক্ত নাইসের মা জানান, ইমদাদুল তাদের বাড়িতে এসে ক্ষিপ্ত হয়ে অভিযোগ করছিলেন। এতে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। তার দাবি, ইমদাদুল একটি লাঠি দিয়ে নাইসকে আঘাত করার পর পালানোর সময় পড়ে যান এবং তখনই নাইস বাটাম দিয়ে তার মাথায় আঘাত করেন।

এলাকাবাসী জানান, নিহত ইমদাদুল বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কাজের সুবাদে কিছুদিন আগে তিনি ঢাকায় গেলেও ফ্লাইট না পাওয়ায় গত মঙ্গলবারই বাড়িতে ফিরে এসেছিলেন। অন্যদিকে, অভিযুক্ত নাইস কোনো স্থায়ী কাজ করতেন না বলে জানা গেছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলামত জব্দ করেছে। এ ঘটনায় অভিযুক্ত নাইসকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...