• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
ছেলের নামে মায়ের কাছে নালিশ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের স্কুলে দুই শিক্ষকের মারামারি: সেই শিক্ষক দম্পতির বিরুদ্ধে মামলা, বদলির সুপারিশ খুলনায় পুলিশ পরিদর্শককে চাপাতি দিয়ে জখম, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রেমিকের বাইক চালাচ্ছিল প্রেমিকা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনেরই হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টি বোর্ডের কার্যক্রমে বাধা নেই ধর্মীয় বিষয়ে বৈষম্য হলে সবসময় আওয়াজ তুলবো: নাহিদ ইসলাম বরিশালে নবীনবরণের কনসার্টে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ সাতক্ষীরায় যুবকের দায়ের কোপে বৃদ্ধা নিহত, আহত ২ দুর্গাপূজার আগে ৩৪ স্থানে হামলা-প্রতিমা ভাঙচুরের অভিযোগ

ধর্মীয় বিষয়ে বৈষম্য হলে সবসময় আওয়াজ তুলবো: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ধর্মীয় পরিচয়ের কারণে কেউ বৈষম্যের শিকার হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিবাদ করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দেশের কোনো সম্প্রদায়ের মানুষ ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হলে এনসিপি তার প্রতিবাদ করবে। এ ধরনের ঘটনা সামনে এলে সংসদে ও রাজপথে কথা বলবে দলটি।

আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বী ও সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকটি সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে দেওয়া বক্তব্যে নাহিদ এসব কথা বলেন। এ সময় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে উদ্‌যাপনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে যার যার ধর্ম সে নির্বিঘ্নে পালন করবে। পূজা এলেই নিরাপত্তার বিষয়টি সামনে আসে। আমরা এমন একটি দিন চাই, যেদিন নিরাপত্তা নিয়ে আমাদের আলাদাভাবে ভাবতে হবে না। আশঙ্কামুক্ত পরিবেশে বাংলাদেশের সব ধর্মের মানুষ তাঁদের ধর্মীয় উৎসব পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা।’

এনসিপির এ নেতা বলেন, রাজনৈতিক দল হিসেবে এনসিপি সব সময় ধর্মীয় উৎসবগুলোতে সহযোগিতামূলক ভূমিকা পালন করে আসছে। গণ-অভ্যুত্থানের পরও বিভিন্ন সময় পূজা-পার্বণে অংশগ্রহণ এবং প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ও স্বেচ্ছাসেবামূলক কাজে সহযোগিতা করা হয়েছে।

নাহিদ ইসলাম জানান, দুর্গাপূজা উদ্‌যাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য সারা দেশে দলের নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। নিজ নিজ সক্ষমতা অনুযায়ী তারা পূজা উদ্‌যাপনে পাশে থাকবেন।

তরুণ এ সংসদ সদস্য আরও বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত সব সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং তাদের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা।

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা সম্পর্কে সতর্ক করে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন সময় দেশের ছোটখাটো ঘটনাকে বড় করে উপস্থাপন করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে নেতিবাচক প্রচারণা চালানো হয়। এ ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এনসিপির আহ্বায়ক বলেন, দেশের অভ্যন্তরীণ ঘটনাগুলো মোকাবিলায় দায়িত্বশীলতা ও পারস্পরিক সদ্ভাব বজায় রাখা জরুরি। এমন কোনো পরিস্থিতি তৈরি হতে দেওয়া যাবে না, যার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় অখণ্ডতার সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির গভীর সম্পর্ক রয়েছে। সম্প্রীতি প্রতিষ্ঠার মধ্য দিয়েই জাতীয় ঐক্য সুদৃঢ় করা সম্ভব।

আধিপত্যবাদ, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার প্রত্যাশাও ব্যক্ত করেন নাহিদ ইসলাম।

এ দিন সন্ধ্যায় এনসিপি নেতাদের পূজার দাওয়াত দিতে এবং শুভেচ্ছা বিনিময় করতে সনাতন ধর্মাবলম্বী ও সংখ্যালঘু সম্প্রদায়ের সংগঠনের নেতারা এনসিপি কার্যালয়ে আসেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী, বাংলাদেশ পূজা পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...