
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগরে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ছয়দিন পর কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার একটি হোটেল থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া দুই কিশোরী হলো- কাশিনগর এলাকার বসন্তপুর গ্রামের মহিন উদ্দিনের মেয়ে মাহিমা ইসলাম মাহি (১২) এবং যুগিরকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে তানিসা আক্তার (১৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মাহিমা ও তানিসা কাশিনগর এলাকার আল-আমিন মহিলা মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয়। তবে তারা মাদ্রাসায় পৌঁছায়নি এবং পরে বাড়িতেও ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি নিখোঁজ ডায়েরি করেন।
বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় তাদের উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ। চৌদ্দগ্রাম মডেল থানার একটি দল ও কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল সমন্বিতভাবে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অনুসন্ধান চালায়।
অনুসন্ধানের একপর্যায়ে দুই কিশোরীর অবস্থান কক্সবাজারে শনাক্ত করা হয়। পরে কক্সবাজার ডিবি পুলিশ অভিযান চালিয়ে সমুদ্রসৈকত এলাকার গ্রিন প্যারাডাইজ হোটেলের ১০১ নম্বর কক্ষ থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই কিশোরী জানায়, পরিবারের সদস্যদের ওপর অভিমান করে তারা স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজারে চলে যায়। প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে উদ্ধার হওয়া দুই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।