• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

নিজ ঘর থেকে প্রবাসী ও তাঁর স্ত্রী-সন্তানের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মানিকগঞ্জ সদর উপজেলায় নিজ ঘর থেকে এক সৌদি প্রবাসী, তাঁর স্ত্রী ও ১৮ মাস বয়সী কন্যাসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্ত্রী ও সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন ওই প্রবাসী। মর্মান্তিক এই ঘটনাটি স্থানীয় কৃষ্ণপুর ইউনিয়নের বরাহীচর জান্নাকান্দি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলেন সৌদি প্রবাসী আকরাম হোসেন (৪০), তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা (৩০) এবং তাঁদের একমাত্র সন্তান এ্যালিজা (১৮ মাস)। আকরাম হোসেন গত দুই মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। দেশে ফেরার পর থেকেই তিনি চরম মানসিক অবসাদে ভুগছিলেন এবং নিজেকে সবার থেকে গুটিয়ে রেখেছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে দীর্ঘ সময় পার হলেও পরিবারের কেউ ঘর থেকে বের না হওয়ায় স্বজনদের সন্দেহ হয়। এরপর ঘরের দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা চালের টিন ছিদ্র করে ভেতরে উঁকি দেন। এ সময় ঘরের আড়ার সঙ্গে আকরামের ঝুলন্ত লাশ এবং বিছানায় ও মেঝেতে স্ত্রী ও সন্তানের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।

খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে তিনটি মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, আকরাম প্রথমে তাঁর স্ত্রী ও শিশু সন্তানকে শ্বাসরোধ বা অন্য কোনো উপায়ে হত্যা করেন এবং পরে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...