
গোপালগঞ্জ শহরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে উলপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব অন্তত মোল্লাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাবেক কমিশনার সোহেল মোল্লা ও শিবলী নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত অন্তত মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের বাসিন্দা। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্তত মোল্লা বলেন, ‘দুপুরের দিকে নিজ বাড়ি উলপুর থেকে মোটরসাইকেলে করে শহরে আসছিলাম। পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে শিবলী, সোহেল কমিশনারের ভাইসহ কয়েকজন আমার পথরোধ করেন। এরপর তারা দেশীয় অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যায়। পরে পথচারীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।’
তিনি আরও বলেন, ‘কয়েক দিন আগে সাবেক কমিশনার সোহেল মোল্লা আমাকে হুমকি দিয়েছিলেন।’
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সোহেল কমিশনার ও শিবলীকে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
উল্লেখ্য, গত শুক্রবার (২১ আগস্ট) কাজুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কবির সরদারও নিজ এলাকায় হামলার শিকার হন। এ নিয়ে জেলায় যুবদলের দুই নেতার ওপর হামলার ঘটনা ঘটল।