
বরগুনার পাথরঘাটার হাইরের চর সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি বরকত ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে সাইকুল মীর (৩০) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে মরদেহটি পাথরঘাটার বাদুরতলা এলাকায় নিয়ে আসা হয়।নিহত সাইকুল মীর পাথরঘাটা উপজেলার গহরপুর এলাকার বাসিন্দা। মঙ্গলবার বিকেলে ট্রলার মালিক সমিতির পাঠানো উদ্ধারকারী দল সাগরে ট্রলারডুবির স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিখোঁজ জেলেদের উদ্ধারে জেলা মৎস্যজীবী ও ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে দুটি ট্রলার সাগরে পাঠানো হয়। দীর্ঘ অনুসন্ধানের পর মঙ্গলবার বিকেলে সাইকুল মীরের মরদেহের সন্ধান পাওয়া যায়। তবে ডুবে যাওয়া ট্রলারটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি এবং অন্য নিখোঁজ জেলেদের অবস্থানও নিশ্চিত হওয়া যায়নি।
উদ্ধারকারী দলের সদস্য শাকিল বলেন, ট্রলারডুবির স্থানে পৌঁছানোর পর সাইকুলের মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে সেটি উদ্ধার করা হয়। ডুবে যাওয়া ট্রলারের ভেতরে তল্লাশি চালানো সম্ভব হয়নি। নিখোঁজ অন্য জেলেদের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এফবি বরকতের মালিক মো. আশরাফ বলেন, ট্রলারডুবির পর থেকেই উদ্ধার অভিযান চলছে। সাইকুলের মরদেহ পাওয়া গেছে। অন্যদের উদ্ধারে একটি ট্রলার এখনো সাগরে রয়েছে এবং তাদের সন্ধানে চেষ্টা অব্যাহত আছে।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সাইকুল মীরের মরদেহ উদ্ধারের বিষয়টি আমরা জানতে পেরেছি। মরদেহ পাথরঘাটায় আনার পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে।
তিনি আরো বলেন, নিখোঁজ অন্য জেলেদের উদ্ধারে নৌপুলিশ, কোস্টগার্ড ও ট্রলার মালিক সমিতির উদ্ধারকারী দল কাজ করছে। তাদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি, দ্রুতই তাদের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যাবে।