
বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবি তোলা হয়েছে অনলাইন প্ল্যাটফর্মে। চেঞ্জ ডট অর্গে আবেদনটি চালু করেন গিজেলা সানচেজ নামে এক সমর্থক। গত রোববার রাতে অনুষ্ঠিত ফাইনালে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে আবেদনটি করেন সানচেজ।
এই পিটিশনকারীর দাবি, রেফারির কিছু সিদ্ধান্ত ম্যাচের ফলে প্রভাব রেখেছে। তবে সুনির্দিষ্ট বা যাচাইকৃত কোনো প্রমাণ পেশ না করে অনিয়মের অভিযোগ তুলে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে সুষ্ঠু পর্যালোচনার আহ্বান জানান সানচেজ। এই প্রচারণায় এরই মধ্যে প্রায় ৮০ হাজার মানুষ সই করেছেন।
নিউ জার্সিতে বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হারে আর্জেন্টিনা। এই ম্যাচে রেফারির সিদ্ধান্তগুলো পুনর্মূল্যায়নের জন্য ফিফার প্রতি আহ্বানও জানানো হয় প্রচারণায়।
তবে এই আবেদনের কোনো আইনগত বা প্রাতিষ্ঠানিক বৈধতা নেই, যা ফিফাকে কোনো অফিশিয়াল টুর্নামেন্টের ফল বদলাতে বাধ্য করতে পারে। ক্রীড়া বিধিমালার বিশেষ কোনো ধারা কিংবা কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্ত ছাড়া কোনো ম্যাচ পুনরায় আয়োজনের সুযোগ নেই।